Home|Blogs|Bio-Graphy| Works| Books|Poetry|Rhymes|Short-Stories|Column|Gallery|Voice of Humanity

আমাদের তো রাহেলা ছাড়া কিছুই থাকে না

প্রকাশিত হয় : 2010-08-08 12:07:18
কবিতা তো রাহেলা
সে পাখি, ফুল, নদী, বৃক্ষ, সবুজ যার যা খুশি
তার হাতের ছোঁয়ায় ভোরে জেগেওঠা।
সে যদি বলে, তবেই না ভোর হতে পারে
সে যদি চায়, তখনই সন্ধে নামে।

এখনও বৃষ্টি নামে রাহেলার চোখ ছুঁতে,
পাখিরা বাসা ছাড়ে রাহেলার বিশ্বাসে।

রাহেলার জানালায় ছিলো বাতাসের হামাগুড়ি-
রাহেলার শিউলি তলায় ছিলো-
শাদা জোছনার জড়োয়া আঁচল।

কবিতা তো রাহেলা!
এই যে নদীরা শুকিয়ে গেল-
রাহেলাকে ভালো না বাসার প্রতিশোধে।

এই যে গোলাপ গন্ধহীন
সেও রাহেলার অপমানের প্রতিশোধ স্পৃহায়।

রাহেলা নেই, কোথাও পাচ্ছি না তাকে
তার গোলমুখের মতো পৃথিবী- ঝিমুচ্ছে,
তার বুকের মাপে নির্ভুল সেই হৃদস্পন্দন-
আজ কেবলই তড়পায়!

রাহেলা অসুস্থ-
পৃথিবীতে এখন ভীষণ অন্ধকার
মরাকাটালের দিনে শুকনো সংসারে-
তোমার আমার কীইবা করার আছে!

আমাদের তো রাহেলা ছাড়া কিছুই থাকে না
কিছুই ছিলো না।
.

এই ব্লগে মোট ( 0 ) জন মন্তব্য করেছেন << মন্তব্য দেখুন >> << মন্তব্য করুন >>

তোমায় ভালোবাসা জানাতে একটিমাত্র মিনিট খরচ করেছি আমি

প্রকাশিত হয় : 2010-08-03 11:33:50
তোমায় ভালোবাসা জানাতে একটিমাত্র মিনিট খরচ করেছি আমি। বিনম্র উচ্চারণে সেই এক মিনিটেই বলেছি তোমায়-ভীষণ ভালোবাসি। মাত্র একটি মিনিট তবু কত গভীর শান্ত মুগ্ধতা ভরেছিলো আসন্ন সন্ধ্যার ক্লান্তডানায়!-সেখানে ছিলো না কোন রক্তক্ষরণ; ছিলো না কোন দ্বিধা; ছিলো না সামান্য পিছুটান।

তোমায় ভালোবাসা জানাতে প্রস্তুতিহীন একটি মিনিট অতিক্রম করেছিলো পৃথিবী। তোমায় ভালোবাসা জানাতে ঘড়ির ঘোমটায় লাল হয়েছিলো-ষাটটি সেকেন্ড। জীবনের সবশেষ অংক মিলুক না মিলুক তবু বলেছিলাম-ভীষণ, ভীষণ ভালোবাসি তোমাকে। তুমিও স্বেচ্ছায় বিস্তর আলোড়নে মেখেছিলে প্রসন্ন প্রতিশ্রুতির নির্লোভ চুম্বন।

মাত্র এক মিনিটে উচ্চারিত-তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি-হঠাৎ বয়ে এনেছিলো বারবার পরাজিত কোন সাঁতারুর প্রথম জলীয় স্বাদ; মাত্র এক মিনিটে-খাঁচায় পোষা টিয়েটাও শিখেছিলো প্রথম উচ্চারণ-শুভসকাল। মাত্র এক মিনিটেই আমার সমস্ত জীবনের সমান-সমান উচ্চারিত হয়েছিলো-ভালোবাসি, ভালোবাসি।

তখন থমকে দাঁড়িয়েছিলো নদী, জলের ধারায় জেগেছিলো যৌবন; তখন শাপলা-শালুক থেকে বেজেছিলো-‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ তখন কবিতার অসংখ্য শব্দ, কোলন, ড্যাস, সেমিকোলন কিংবা বিস্ময়ের বিস্ফারিত পাখায় উড়েছিলো-দোয়েলের স্তবক। তোমায় ভালোবাসি বলতেই- সেই এক মিনিটে বিষন্ন সকালটা হঠাৎ দুপুরোত্তম হয়েছিলো। দুপুরের আমন্ত্রণে ছুটে এসেছিলো গোধুলিরাঙানো বিকেলের অনুলিপি।

তোমায় ভালোবাসি বলতেই-বিকেল এসে একপায়ে দাঁড়িয়েছিলো আমাদের দুজনের চারহাত ছুঁয়ে। এক মিনিটেই ধোয়াওঠা কফির স্তনে শেষ চুমুকটি হঠাৎই হয়েছিল নিঃশেষ। তখন কাপের টুংটাংয়ে বেজেছিলো পিতলঘন্টা-দেখেছিলো বুক ভরানো দিঘির কলসিজল-তখন এক মিনিটের তুমি-আমি বেজেছিলাম হাজার ঘন্টায়-ঢং-ঢং-চুক-চুক।

অথচ আজও ভাবতে অবাক লাগে, তোমায় ভালোবাসি চুরি হয়েছিলো, তোমায় ভালোবাসি পড়েছিলো-সামরিক বুটের নিচে; আর আমি তাকে মাত্র এক মিনিটেই তোমাকে ফিরিয়ে দিলাম অনাবিল ভালোবাসার অনাগত আগামীকাল।

তারপর ফিরে যেতে যেতে ভাবি-ভালোবাসার এমন শব্দগুলো, এমন স্বপ্নগুলো-আমাদের জন্য, কেবল আমাদের ভালোবাসার উচ্চারণে-হাজার বুকের তাজারক্তে ভেসেছিলো প্রাণের বর্ণমালা। .

এই ব্লগে মোট ( 0 ) জন মন্তব্য করেছেন << মন্তব্য দেখুন >> << মন্তব্য করুন >>